১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৯ টাকা

ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কেজিতে কমেছে ৩ টাকা ৩০ পয়সা। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম গত মাসের তুলনায় ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন।

বিইআরসির নতুন দর অনুযায়ী, গাড়িতে ব্যবহৃত অটো গ্যাসের দাম প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা অপরিবর্তিত রয়েছে। একইভাবে সরকারি কোম্পানির সরবরাহকৃত ১২.৫ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। তবে সারা দেশে চাহিদার তুলনায় সরকারি কোম্পানির সরবরাহ মাত্র ১ থেকে ১.৫ শতাংশ।

এদিকে, বেসরকারি এলপিজির মূল্য ভ্যাটসহ প্রতি কেজি ১১৩ টাকা ৬৪ পয়সা নির্ধারণ করা হয়েছে। গত মাসে এটি ছিল ১১৬ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ কেজিতে দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা। ফলে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও কমানো হয়েছে।