ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে আবাসনবঞ্চিত ৫৮৩ জন ছাত্রীকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হল থেকে দুজন করে শিক্ষার্থীর হাতে চেক তুলে দেওয়া হয়। বাকিদের হল প্রশাসনের মাধ্যমে আর্থিক সাহায্য পৌঁছানোর কথা বলা হয়।
উপাচার্য বলেন, ‘আমাদের এ কাজের মাধ্যমে ছাত্রীদের হল সংকটের সমাধান হবে এই দাবি আমরা একবারও করছি না। এটি ক্ষণস্থায়ী সমাধান। স্থায়ী সমাধান হচ্ছে হল তৈরি করা। এজন্য চীন সরকারের সঙ্গে আমাদের আলোচনা শেষ পর্যায়ে। তাদের সহায়তায় মেয়েদের জন্য একটি হল নির্মাণ করা হবে।’ তিনি বলেন, ‘আমাদের আরও একটা বড় প্রকল্প একনেকের অনুমোদনের অপেক্ষায় আছে। এটি পাস হলে আমাদের সংকট অনেকাংশেই দূর হবে। আজকের এই সহায়তা এটা ছাত্রদের প্রতি আমাদের একটা কমিটমেন্ট। আমি এর মধ্যে রাজনীতি ঢুকতে দেব না।’
অনুষ্ঠানে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, ‘আজ (গতকাল) এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। নতুন হল তৈরির মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান হবে।’