নারী ফুটবলে এশিয়া কাপে অংশগ্রহণ নিশ্চিত হওয়ার আনন্দ কাটতে না কাটতেই আরেকটি দারুণ খবর নিয়ে হাজির হলো হকি। প্রথমবারের মতো এশিয়া কাপ খেলতে নামা বাংলাদেশের অ-১৮ পুরুষ হকি দল অভিষেকেই উপহার দিল চমকপ্রদ জয়। চীনের দাজুতে আয়োজিত প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে হংকংকে।
শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে মউদুদুর রহমানের শিষ্যরা। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয় দাজু হকি ট্রেইনিং সেন্টারে। প্রথম কোয়ার্টারে গোলের দেখা না পেলেও দ্বিতীয় কোয়ার্টারেই ম্যাচের লাগাম নিজেদের করে নেয় লাল-সবুজের দল।
২০ মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন দ্বীন ইসলাম। এরপর ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ফরোয়ার্ড। তৃতীয় কোয়ার্টারে আসে বাংলাদেশের তৃতীয় ও শেষ গোলটি। ৪৩ মিনিটে আরেকটি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হাসান অমিত। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরা নির্বাচিত হন দুই গোল করা দ্বীন ইসলাম।
এই জয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করল বাংলাদেশ। পুল ‘এ’-তে থাকা বাংলাদেশের গ্রুপসঙ্গী হংকং ছাড়াও আছে স্বাগতিক চীন, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আগামী ৫ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
এদিকে, চীনের মাটিতেই সমানতালে চলছে নারী অ-১৮ এশিয়া কাপ। সেই আসরেও খেলছে বাংলাদেশ। মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী জাপানের। শুক্রবার সকাল ৬টায় শুরু হবে সেই ম্যাচ।