এখনো ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত বাকি: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, এখনো প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব ইস্যুতে আলোচনা করতে হবে।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভা শুরুর আগে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, ‘অনেক বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, কিন্তু পরে সেসব আবার আলোচনায় আনা হয়নি। কারণ, আমরা প্রতিটি বিষয়ে দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো—সাফল্যের মধ্য দিয়ে দিনটি শেষ করা।’

তিনি আরও বলেন, ‘কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, সেটি যেন আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়, সে দিকে লক্ষ্য রাখা উচিত।’

এ সময় তিনি সবাইকে সতর্ক করে বলেন, ‘এমন সুযোগ যেন হেলায় হারিয়ে না যায়। আমরা যদি একমত হতে পারি, তাহলে সেটি অবশ্যই একটি ইতিবাচক বার্তা দেবে।’