মাত্র ১২ দিন আগে বিয়ে করেছিলেন জোটা, দুর্ঘটনায় সব শেষ!

লিভারপুল তারকা দিয়াগো জোটার মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে ফুটবল দুনিয়া। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে দুজনেরই মৃত্যু হয়েছে! আরও হৃদয়বিদারক খবর হলো, মাত্র দুই সপ্তাহ আগে বিয়ে করেছিলেন জোটা।এই তো সেদিনের কথা, কত আনন্দ নিয়ে নতুন জীবন শুরু করেছিলেন জোতা।

গত মাসেই পর্তুগালের জার্সিতে নেশন্স লিগের শিরোপা জিতেছিলেন। গত ২২ জুন দীর্ঘদিনের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন। তাঁদের তিনটি সন্তানও আছে। বিয়ের পর থেকে দুজনেই সোশ্যাল মিডিয়ায় দাম্পত্য জীবনের নানা মুহূর্তের ছবি পোস্ট করছিলেন। সড় দুর্ঘটনায় তাদের আনন্দময় জীবন মুহূর্তেই পরিণত হলো বিষাদে! রুতে এবং তার তিন সন্তানের জীবন হয়ে গেল এলোমেলো!বিয়ের মাত্র ১২ দিন পর সড়ক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল!

এক যুগেরও বেশি সময় আগে সেই ২০১২ সাল থেকে রুতের সঙ্গে প্রেম করে আসছিলেন জোটা। তিন সন্তান নিয়ে দারুণ কাটছিল তার জীবন। ক্যারিয়ারও এগোচ্ছিল তরতর করে। রুতের সঙ্গে এই সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্যই তিনি বিয়ে করেছিলেন। মৃত্যুর কিছুক্ষণ আগেও তিনি বিয়ের একটা ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লিখেছিলেন, ‘এমন একটা দিন কখনোই ভোলার নয়’।স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পর্তুগালের পোর্তো শহরে জন্ম নেওয়া দিয়োগো জোটা পাকোস দে ফেরেইরা ইউথ অ্যাকাডেমিতে ফুটবল শিখেছেন। ২০১৬ সালে যোগ দেন আতলেটিকো মাদ্রিদে। এরপর উলভারহ্যম্পটনের হয়ে শুরু হয় তার ইংলিশ প্রিমিয়ার লিগের অধ্যায়। ২০১৭–১৮ মৌসুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। এরপর লিভারপুলের হয়ে গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের পাশাপাশি ২০২১–২২ মৌসুমে এফএ কাপও জিতেছিলেন।