জাপানের দ্বীপে দুই সপ্তাহে ৯০০’র বেশি ভূমিকম্প, নির্ঘুম বাসিন্দারা

জাপানের দক্ষিণাঞ্চলের একটি বিচ্ছন্ন ও কম জনবসতিপূর্ণ দ্বীপপুঞ্জে গত দুই সপ্তাহে ৯০০টির বেশি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন বাসিন্দারা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ জুন থেকে দেশটির তোকারা দ্বীপপুঞ্জের আশপাশের সাগরে ‘অত্যন্ত তীব্র’ মাত্রার ভূমিকম্প টের পাওয়া গেছে। বুধবার ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পও অনুভূত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতাও জারি করা হয়নি। কিন্তু জনজীবনের নিরাপত্তার স্বার্থে বাসিন্দাদের প্রস্তুত থাকতে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

স্থানীয় সম্প্রচারমাধ্যম এমবিসিকে এক বাসিন্দা বলেন, ঘুমাতে যাওয়ার কথাই ভাবা যায় না, ভীষণ ভয় লাগে। সবসময় মনে হয় যেন কাঁপছে।’

তোকারা অঞ্চলে এর আগেও টানা অনেকগুলো ভূমিকম্প টের পাওয়া গেছে। তবে এবারের ভূমিকম্প বেশি লাগাতার ও অস্বাভাবিক বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

‘প্যাসিফিক রিং অব ফায়ারের’ ওপর অবস্থিত হওয়ায় জাপান পৃথিবীর সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এখানে একাধিক টেকটোনিক প্লেটের সংযোগস্থল। যার কারণে দেশটিতে প্রতি বছর গড়ে প্রায় ১ হাজার ৫০০টি ভূমিকম্প হয়।

তোকারা দ্বীপপুঞ্জের ১২টি দ্বীপের মধ্যে ৭টিতে প্রায় ৭০০ জন মানুষ বসবাস করেন। এই দূরবর্তী দ্বীপগুলোর কোনোটিতেই হাসপাতাল নেই। সবচেয়ে নিকটবর্তী দ্বীপটিতে যেতেও ৬ ঘণ্টা ফেরি পাড়ি দিতে হয়।

এদিকে তোশিমা গ্রামে কিছু বাসিন্দা না ঘুমানোর কারণে শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে পড়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।