খুলনায় পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে মানববন্ধন

খুলনায় ইটভাটা ব্যবসার আড়ালে ৫ শতাধিক অসহায় মানুষের আত্মসাৎকৃত অর্থ ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০ টায় রূপসা উপজেলা পরিষদের সামনে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে অভিযুক্ত ফারুক ব্রিকসের মালিক গোলাম সারোয়ার হাওলাদার ও তার ম্যানেজার শহীদ মীরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, গোলাম সরোয়ার হাওলাদার প্রতারণার মাধ্যমে ৫ শতাধিক অসহায় মানুষের অর্থ আত্মসাৎ করেছেন। তিনি এখন টাকা পরিশোধ না করে তালবাহানা করছেন। বক্তারা অবিলম্বে গোলাম সরোয়ার হাওলাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

রূপসার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী আসলাম শেখের সভাপতিত্বে ও হাসান রশিদের পরিচালনায় ভুক্তভোগীদের পক্ষে বক্তৃতা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তামিম হাসান লিওন ও ফাহাদ গাজী। এ সময়  কানিজ ফাতিমা, আব্বাস শেখ, মো. ফারুক শেখ, ফেরদৌস শেখ, বনি আমিন, আসলাম শেখ, আনোয়ার শেখ, ফারুক মোল্লা প্রমুখ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে রূপসা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।