জীবনযুদ্ধে রাহেলা-মালেক, দেশ রূপান্তরের খবরে মিলল সহায়তা

একজন ঠেলছেন, আরেকজন বসে আছেন ভ্যানে। দিনের পর দিন এভাবেই পথ চলে রাহেলা বেগম ও তার স্বামী আবদুল মালেক। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ফেলে দেওয়া খালি বোতল কুড়িয়ে এনে বিক্রি করেন তারা। বিক্রির টাকায় চলে একবেলার খাবার। মাথার ওপর নেই পাকা ছাদ, ঘরে নেই ছেলেমেয়ে। মালেক গুরুতর অসুস্থ, হাঁটাচলার শক্তিও হারিয়েছেন। মানসিক প্রতিবন্ধী স্ত্রী রাহেলাই এখন সংসারের হাল ধরেছেন।

গত ২০ জুন দেশ রূপান্তর অনলাইনে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে আসে এই দম্পতির মানবেতর জীবনের চিত্র। খবরটি উপজেলা প্রশাসনের নজরে এলে এগিয়ে আসেন নাঙ্গলকোটের ইউএনও মোহাম্মদ আল আমিন সরকার।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে ওই দম্পতির হাতে টিন ও নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।

ইউএনও দেশ রূপান্তরকে বলেন,‘সংবাদটি পড়ার পর খুব খারাপ লেগেছিল। তাদের দুঃখ-দুর্দশার কথা শুনে তাৎক্ষণিক সহায়তার ব্যবস্থা করি। যতদিন আমি এখানে আছি, তাদের পাশে থাকার চেষ্টা করব।

রাহেলা বেগম উপজেলার মৌকরা ইউনিয়নের গোমকোট গ্রামের মৃত কালা মিয়ার মেয়ে। চোখে জল নিয়ে তিনি বলেন, ছোটবেলায় মা-বাবা মরে গেছে। আমি পাগল মানুষ, স্বামীটাও এখন অসুস্থ। ঘর নাই, খাওন নাই। আল্লাহ সাংবাদিকদের ও স্যাররে ভালো রাখুক, সাহায্য পাইছি।