পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, ডোবায় মিলল মাদরাসা শিক্ষার্থীর লাশ

শরীয়তপুরের ভেদরগঞ্জে ডোবা থেকে আমেনা আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চরকোড়ালতলী মৃধাকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা আক্তার এলাকার মান্নান ঢালীর মেয়ে। সে স্থানীয় দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরদসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমেনা বৃহস্পতিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য মাদরাসা উদ্দেশ্যে বের হয়। পরে আর বাড়ি ফেরেনি। পরে চরকোড়ালতলী মৃধাকান্দি এলাকার একটি ডোবায় আমেনার মরদেহটি পরে থাকতে দেখে স্থানীয়রা। পরে ভেদরগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে আমেনার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে বলে জানায় পুলিশ।

প্রতিবেশী নাজমা আক্তার কাকলী বলেন, আমি রাস্তা দিয়ে বাড়ি দিকে যাচ্ছিলাম, পরে দেখি আমার প্রতিবেশী আমেনার মরদেহ ডোবায় পড়ে আছে। পরে পুলিশকে বিষয়টি জানাই।

এ ব্যাপারে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, এক মাদরাসা ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।