বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইলি। ঘণ্টাব্যাপী বৈঠকে তারা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য ও নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। সে লক্ষ্যে তাদের যেকোনো সহযোগিতা অব্যাহত থাকবে।

এছাড়া অভিবাসী সমস্যা, শিক্ষা, কৃষি প্রভৃতি বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।