এজবাস্টন টেস্টে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন ভারত অধিনায়ক শুবমান গিল। এটা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি। আজ বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে তিনি ৩১১ বলে ম্যাজিক ফিগারে পৌঁছে যান। হাঁকিয়েছেন ২১টি চার এবং ২টি ছক্কা।
ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন শুবমান। এর আগে ভারতের দুই কিংবদন্তি সুনিল গাভাস্কার এবং রাহুল দ্রাবিড় ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এতদিন এই ফরম্যাটে শুবমানের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল ১৪৭ রানের। হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টেই তিনি এই ইনিংস খেলেছিলেন।
লাল বলে ভারতের হয়ে সর্বশেষ ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশস্বী জয়সওয়াল, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে রাজকোট টেস্টে। ওই ইনিংসে তিনি ২১৪ রান করেছিলেন। চলতি এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ১২৩.৫ ওভারে ৬ উইকেটে ৪৮৩ রান তুলেছে ভারত। ২০৯ রানে ব্যাট করছেন শুবমান।