সিদ্ধান্ত ভারতের পক্ষে যাওয়ায় শরফুদ্দৌলার ওপর নাখোশ ক্রিস ওকস

ভারত-ইংল্যান্ডের চলতি এজবাস্টন টেস্টে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে আছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। এর আগে তার বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্রিকেটাঙ্গনে আলোচনার ঝড় উঠেছিল। এবারও তার ব্যতিক্রম হয়নি। গতকাল বৃহস্পতিবার ম্যাচের প্রথম দিনেই তার দুটি সিদ্ধান্তে নাখোশ হয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস।

৩৬ বছর বয়সী পেসারের বল ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এবং করুণ নায়ারের পায়ে লাগায় এলবিডাব্লিউয়ের আবেদন হয়েছিল। দুটি আবেদনই নাকচ করে দেন শরফুদ্দৌলা। ইংল্যান্ড রিভিউ নিলে দেখা যায়, ওকসের বল জয়সওয়ালের লেগ স্টাম্পে এবং নায়ারের অফ স্টাম্পে গিয়ে লাগত। কিন্তু বল ট্রেকিংয়ে আম্পায়ার্স কলের সৌজন্যে বেঁচে গেছেন দুজনেই। পরে জয়সওয়াল ৮৭ এবং নায়ার ৩১ রান করেন।

শরফুদ্দৌলার সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় মাঠেই হতাশা প্রকাশ করেন ওকস। একপর্যায়ে শরফুদ্দৌলার উদ্দেশ্যে তিনি কিছু বলছিলেন। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এমনিতে ডিআরএস ক্রিকেটের জন্য ভালো। ডিআরএসের কারণে আগের তুলনায় এখন অনেক বেশি সঠিক সিদ্ধান্ত দেওয়া সম্ভব হচ্ছে। আমি শুধু একটা বিষয় বলতে চাই, যদি কোনো ব্যাটসম্যান বল ছেড়ে দেওয়া সিদ্ধান্ত নেয় এবং বল স্টাম্পে আঘাত হানত বলে মনে হয়, তাহলে তাকে আউট দেওয়া উচিত—বল স্টাম্পে হালকা স্পর্শ করুক বা না করুক।’

এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্রিস ওকস ২৫ ওভার বল করে ৬ মেডেনসহ ৮১ রানে ২ উইকেট নিয়েছেন। অধিনায়ক শুবমান গিলের ডাবল সেঞ্চুরিতে ১৩৩ ওভারে ভারত তুলেছে ৬ উইকেটে ৫৩৭ রান। ২৫১* রান করে অপরাজিত আছেন শুবমান গিল।