সড়ক দুর্ঘটনায় দুই পা হারালেন সংবাদপাঠক ও উপস্থাপক

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুই পা হারালেন বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের সংবাদ পাঠক ও উপস্থাপক মুনিবুন ফেরদৌস মনি (৩৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনি চৌধুরী সালন্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহি উদ্দিন চৌধুরীর মেয়ে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কের সালন্দর চৌধুরী হাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুনিবুন ফেরদৌস মনি বৃহস্পতিবার সকালে ভাইয়ের সাথে মোটরসাইকেল যোগে বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও কেন্দ্রের অনুষ্ঠান বিভাগে উপস্থাপক হিসেবে দায়িত্বপালন করতে যাচ্ছিলেন। পথিমধ্যে সালন্দর চৌধুরীহাট এলাকায় সড়কের উচু বিটে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে  ছিটকে পড়ে যান তিনি। এ সময় পিছন থেকে দ্রুত গতির মালবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর ভাবে আহত হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার আরেকটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে মুনিবুন ফেরদৌস রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করেছেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’