পররাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসবাদী সন্দেহে আটক অনেককে দেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া

সন্ত্রাসবাদী সন্দেহে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের মধ্যে অনেককে দেশে ফেরত পাঠিয়ে দেবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, কয়েকজনের বিরুদ্ধে বোধহয় সুনির্দিষ্ট অভিযোগ এনেছে, তাদের বিচার হবে। বাকিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

বৃহস্পতিবার (৩ ‍জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা। 

উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, মালয়েশিয়ায় সন্ত্রাসবাদী সন্দেহে আটকদের বিষয়ে আমরা বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, দুই-চারদিনের মধ্যে জানতে পারব।

বেশ কিছুকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেবে উল্লেখ করে তিনি বলেন, আমাদেরও তদন্ত করতে হবে আসলে তাদের কোন সংগঠনের সঙ্গে কতটুকু কি সম্পৃক্ততা আছে। 

এ ঘটনায় মালয়েশিয়ার শ্রমবাজার ও ভিসা ইস্যুতে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যেকোনো নেতিবাচক বিষয়ই ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। ফেলবে না, এটি আমি বলতে পারি না। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই, তাহলে সেটির প্রভাব কমানো যাবে।

প্রধান উপদেষ্টা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে তৌহিদ হোসেন বলেন, খুব চমৎকার পরিবেশে কথা হয়েছে। ফোনালাপে সংস্কার কার্যক্রমে যুক্তরাষ্ট্রের সমর্থন এবং শিগগিরই নির্বাচন আয়োজনের কথা উঠে এসেছে।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তখন তাদের জানানো হয়েছে শিগগিরই নির্বাচন করা হবে।