বোমা হামলার হুমকি পেয়ে অন্তত ছয়টি বিমান বন্দরের কার্যক্রম স্থগিত রেখেছিল কানাডা। বৃহস্পতিবার সকালে এ ধরনের হুমকি পেয়েছিল বলে জানিয়েছে কানাডার বিমান নিয়ন্ত্রণ সংস্থা।
তবে বর্তমানে বিমানবন্দরগুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে বলে সংস্থাটি জানিয়েছে। খবর সিটি নিউজ টরন্টোর।
বিবৃতিতে সংস্থার একজন মুখপাত্র জানান, ‘বৃহস্পতিবার ভোরে অটোয়া, মন্ট্রিল, এডমন্টন, উইনিপেগ, ক্যালগারি ও ভ্যাঙ্কুভারের বিভিন্ন স্থাপনায় বোমা হামলার হুমকি দেওয়া হয়।’
তিনি জানান, সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোর কর্মীরা নিরাপদে আছেন এবং হুমকির কারণে সাময়িকভাবে স্থল কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।
সংস্থাটি এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বৃহস্পতিবার সকালে আমাদের একাধিক স্থাপনায় নিরাপত্তা হুমকির কারণে কিছু জায়গা খালি করা হয়েছিল। তবে বর্তমানে সব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।
কুইবেক প্রদেশের নিরাপত্তা বাহিনী জানায়, তারা স্থানীয় সময় সকাল ৭টার দিকে বিমানবন্দরের একটি নির্দিষ্ট এলাকায় হামলা হতে পারে এ ধরনের বার্তা পেয়েছিল।
তবে কারা হুমকি দিয়েছিল কিংবা হামলার পেছনে কোনো উদ্দেশ রয়েছে কিনা এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি।