যশোরে দাহ্য পদার্থ নিক্ষেপে শিশু ও নারীসহ একই পরিবারের ৩ জন আহত

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে একই পরিবারের শিশু ও নারীসহ তিনজনের শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। রাসায়নিক দাহ্য কোন দ্রব্য নিক্ষেপ করা হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

এ ঘটনায় আহতরা হলেন গদখালী গ্রামের জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৫০), মেয়ে রিপা খাতুন (২৬) ও  ছেলে ইয়ানূর (৮)। 

হাসপাতালে চিকিৎসাধীন রাহেলা খাতুন জানান, রাত ৮ টার দিকে তিনি ছেলে-মেয়ে নিয়ে ঘরের ভিতরে বসে ছিলেন। এ সময় বেনাপোলের খড়িডা গ্রামের  জসিমসহ ২/৩ জন এসে জানালা দিয়ে অ্যাসিডের মত তরল দ্রব্য নিক্ষেপ করে। এতে তাদের ৩ জনের শরীর ঝলসে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। 

রায়না খাতুন আরও জানান, তার কন্যা রিপাকে জসিম বিয়ে করতে চেয়েছিল। কিন্তু তিনি জসিমের সাথে বিয়ে না দিয়ে অন্যত্র বিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে জসিম এ ঘটনা ঘটায়। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জোবায়ের হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে অ্যাসিড বলে মনে হচ্ছে না। আহত তিন জনের শরীরে কোন ক্ষত হয়নি, শুধু দাগ বা ছোপ রয়েছে। নিক্ষিপ্ত তরল দ্রব্যটি কেমিক্যাল জাতীয় কোন দাহ্য পদার্থ হতে পারে। বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।’ 

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মো. গাজী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। অভিযুক্ত ব্যক্তিকে খোঁজা হচ্ছে।