ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল পাচারে জড়িত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক ও হিজবুল্লাহর প্রভাবাধীন একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরাকি-ব্রিটিশ নাগরিক সেলিম আহমেদ সাইদের নেতৃত্বে পরিচালিত একাধিক কোম্পানি ২০২০ সাল থেকে ইরানের তেল ইরাকি তেলের সঙ্গে মিশিয়ে তা কোটি কোটি ডলারে বিক্রি করে আসছে। নিষেধাজ্ঞা এড়াতে এসব কোম্পানি জাল কাগজপত্র ব্যবহার করে তেল বিক্রির বৈধতা দেখানোর চেষ্টা করেছে বলে জানিয়েছে ট্রেজারি বিভাগ।

প্রতিবেদনে আরও বলা হয়, এসব কোম্পানি ও সংশ্লিষ্ট জাহাজগুলো ইরানি তেলকে ইরাকি তেল হিসেবে চিহ্নিত করে তা ইরাক বা সংযুক্ত আরব আমিরাত হয়ে পশ্চিমা ক্রেতাদের কাছে রপ্তানি করত।

ট্রেজারি বিভাগের ভাষ্য অনুযায়ী, সাইদ ইউএই-ভিত্তিক কোম্পানি ‘ভিএস ট্যাঙ্কার্স’ কার্যত নিয়ন্ত্রণ করলেও তিনি আনুষ্ঠানিকভাবে এর সঙ্গে নিজের সংশ্লিষ্টতা গোপন রাখতেন।

এছাড়া লেবাননের হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান ‘আল-কারদ আল-হাসান’-এর সঙ্গে জড়িত একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা যাবতীয় সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিকদের সঙ্গে তাদের যেকোনো ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ থাকবে।