নরসিংদীতে অর্ধশতাধিক দোকান ভস্মীভূত

নরসিংদী জেলার মাধবদী বাজারের মুড়িপট্টিতে শুক্রবার (৪ জুলাই) ভোরে আগুনের ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানায়, আগুন মুহূর্তের মধ্যে মাধবদী বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। এর মধ্যে রয়েছে ১০ স্বর্ণের দোকান। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। স্বর্ণের দোকান থেকেই আগুনের সূত্রপাত দাবি ব্যবসায়ীদের। তবে কোন দোকান থেকে এবং কী কারণে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রফি জানান, ভোর ৫টার দিকে আগুনের সংবাদ পেয়ে দ্রুতই কাজ শুরু করে মাধবদী ফায়ার সার্ভিস। পরবর্তীতে নরসিংদী ও পলাশের ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট যুক্ত হয়ে সকাল ১০টার দিকে পুরোপুরি নির্বাপণ করতে সক্ষম হয়। দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধান শেষে বিস্তারিত বলা যাবে।