চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়ার কুতুবদিয়া চ্যানেলের মনুমিয়াজী ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন কালে ড্রেজার জব্দ করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টে জব্দ করা ড্রেজার দুটিসহ বালু উত্তোলন কাজে নিয়োজিত ৭-৯ জন শ্রমিককে গণ্ডামারা খাটখালী ঘাটে নিয়ে যায় কোস্ট গার্ডের টহল টিম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ছনুয়ার মনুমিয়াজী ঘাট এলাকা থেকে দুটি ড্রেজার নিয়ে কুতুবদিয়া চ্যানেল থেকে বালি উত্তোলন করছিল। খবর পেয়ে কোস্ট গার্ডের খাটখালী জোনের একটি টহল টিম ঘটনাস্থলে হাজির হয়। এ সময় বালি উত্তোলনের জন্য প্রাসনের অনুমতি সম্বলিত বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ড্রেজার দুটি খাটখালী ঘাটে নিয়ে যাওয়া হয়।
পরে রাতে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দিনের নেতৃত্বে খাটখালী ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালি উত্তোলন কাজে ব্যবহৃত ড্রেজার দুটি জব্দ করা হয়। এ সময় একটি ড্রেজারকে দুই লাখ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে একটি ড্রেজারের মালিকপক্ষ জরিমানা পরিশোধ করলেও তাৎক্ষণিক পরিশোধ না করায় আরেকটি ড্রেজার জব্দ করা হয়।
ড্রেজারের মাঝি মো. ইউসুফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ইউসুফ ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ মঙ্গলচর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে।