লিভারপুলে ‘অমরত্ব’ পাচ্ছে জোটার ২০ নম্বর জার্সি

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোটা এবং তার ভাই আন্দ্রে সিলভার স্মরণে ফুটবল বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সেই শোককে সম্মানে রূপ দিচ্ছে লিভারপুল ফুটবল ক্লাব। ২০২৪–২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের অন্যতম নায়ক জোটার ২০ নম্বর জার্সি ‘অমর’ করে রাখার ঘোষণা দিয়েছে ইংলিশ জায়ান্টরা।

ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, 'লিভারপুলের ২০তম লিগ শিরোপাজয়ী দলের অংশ হিসেবে জোটার ২০ নম্বর জার্সি অমর হয়ে থাকবে। মেরসিসাইড ডার্বিতে কোপের সামনে তার শেষ গোলটি আজ কেবল একটি জয় নয়, হয়ে উঠেছে চিরস্মরণীয় বিদায়ী মুহূর্ত।'

জোটা ও তার ভাই আন্দ্রে, পেনাফিয়েল ক্লাবের ফুটবলার, স্পেনের জামোরা প্রদেশে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বৃহস্পতিবার ভোরে। ২৮ বছর বয়সী জোটা এবং ২৬ বছর বয়সী আন্দ্রের প্রয়াণে শোক জানিয়ে মুখর হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

পোর্তোয় জন্ম নেওয়া জোটা পেশাদার ফুটবল শুরু করেন পাসোস দে ফেরেইরার হয়ে। ২০১৬ সালে যোগ দেন আতলেতিকো মাদ্রিদে, এরপর ধারে খেলেছেন পোর্তোতে। কিন্তু ক্যারিয়ারের সেরা সময় কাটে লিভারপুলেই।

জার্গেন ক্লপের অধীনে এফএ কাপ ও লিগ কাপ জয়ের পর আরনে স্লটের সময়ে ২০২৪–২৫ মৌসুমে লিগ শিরোপাও জেতেন। জাতীয় দলের হয়েও সাফল্যের অংশ ছিলেন—২০১৯ ও ২০২৫ সালে দুটি ইউরোপিয়ান নেশন্স লিগ জিতেছেন পর্তুগাল দলের সদস্য হিসেবে।

লিভারপুল এর আগে কখনো কোনো খেলোয়াড়ের সম্মানে জার্সি নম্বর ‘রিটায়ার’ করেনি। তবে জোটার প্রতি অনুরাগীদের আবেগ আর অবদানকে সম্মান জানিয়ে এবার সেই ইতিহাসেও আসতে যাচ্ছে ভিন্নমাত্রা।

তবে এখনো পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে বিস্তারিত কোনো পরিকল্পনা জানানো হয়নি। সমর্থকদের দাবি, এমন প্রতিভাবান এবং নিবেদিতপ্রাণ ফুটবলারের স্মরণে ক্লাবের উচিত ব্যতিক্রমী কিছু করা।

দিয়োগো জোটা, ‘ইউ নেভার ওয়াক এলোন’ স্লোগানের শহরে হয়তো আর হাঁটবেন না—তবে তার হাসিমাখা মুখ, কোপের সামনে গোলের উল্লাস, আর ২০ নম্বর জার্সির ঐতিহাসিক অধ্যায় ফুটবলভক্তদের হৃদয়ে চিরকাল অম্লান হয়ে থাকবে।