মৌলভীবাজারে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

মৌলভীবাজারে মাদকবিরোধী বিশেষ অভিযানে ছয়জন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) মৌলভীবাজার সদর উপজেলার ইউএনও মো. তাজ উদ্দিনের নেতৃত্বে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মো. রফিকুল (৩০), বকুল মিয়া (২৪), মো. জাহাঙ্গীর মিয়া (২৯), অমল চন্দ্র (৩২), মো. শাহীন (৩২) ও জমসেদ মিয়াকে (৫০) আটক করা হয়। পরে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে জমসেদ মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং বাকি সব আসামিদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।