২০০৮ সালের ‘অবৈধ নির্বাচনে’ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ২০০৮ সালের ‘অবৈধ নির্বাচনে’ দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনার, পুলিশ কর্মকর্তাসহ জড়িত সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।

শুক্রবার (৪ জুলাই) বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন জাতীয়তবাদী কৃষকদল আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০০৮ সালের কারচুপির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে একের পর এক জালিয়াতির নির্বাচনের মাধ্যমে অবৈধভাবে ১৬ বছর ক্ষমতায় থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে হত্যা ও লাখ লাখ নেতাকর্মীকে জেল জুলুম নির্যাতন করেছে।

দুলু বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তার নিজের লেখা বইয়ে পরিষ্কার লিখেছেন— কীভাবে ২০০৮ সালের এই নির্বাচনে কারচুপি করে বিএনপিকে হারিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল। তাই শুধু ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচনে জড়িতদের বিচার নয়, ২০০৮ সালের নির্বাচনে জড়িতদের এবং ১/১১এর কুশীলবদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।

বিএনপির এ নেতা বলেন, এক-এগারোর কুশীলব ও ক্ষমতাধারীরা সেদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করেছিল। তাদের কারণেই আজ পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান দেশের বাইরে অবস্থান করছেন।

দুলু বলেন, দেশের মানুষ সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে চায়। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চায় না।

সমাবেশে দুলু আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যেই রাষ্ট্রের সকল সংস্কারের উল্লেখ রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় জরুরি সংস্কার শেষে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন দিতে হবে।

দুলু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের দোসরেরা মাঠে ময়দানে না পারলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই তাদের সকল ষড়যন্ত্র সমর্পকে দেশের মানুষকে সজাগ থাকতে হবে। গত ১৬ বছর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও তাদের দোসররা যে জুলুম দুঃশাসন চালিয়েছে দেশের মানুষকে তা ভুলে গেলে চলবে না।

স্থানীয় শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাহজাহান আলীর সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা মহিলা দলের সভাপতি সুফিয়া হক, জেলা বিএনপির সদস্য নাটোর পৌর সভার সাবেক মেয়র কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা কৃষক দলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামাল ও সদস্য সচিব হাসান আলী প্রমুখ।