নিজস্ব মালিকানাধীন চার থেকে পাঁচটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র বিক্রির পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি ও সৌদি তেল জায়ান্ট আরামকো। সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিষ্ঠানটি থেকে কয়েক হাজার কোটি ডলার বাড়তি আয়ের আশায় ও রাষ্ট্রীয় কোষাগারে বেশি অর্থ জমা করার উদ্দেশে এমন উদ্যোগ নিতে যাচ্ছে সৌদি সরকার।
চার-পাঁচটি গ্যাসচালিত বিদ্যুৎ কেন্দ্র—যেগুলো মূলত বিভিন্ন রিফাইনারিতে বিদ্যুৎ সরবরাহ করে—বিক্রি করলে প্রায় ৪ হাজার কোটি ডলার পর্যন্ত সংগ্রহ করা সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দুইটি সূত্র।
তেল কোম্পানি আরামকো সৌদি সরকারের সবচেয়ে বড় আয়ের উৎস। প্রতিষ্ঠানটি কিছু সম্পদ বিক্রি করে খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে বলে আগেও জানিয়েছে রয়টার্স। পাশাপাশি, তেলের দাম কমে যাওয়ায় কোম্পানিটি এ বছর তাদের ডিভিডেন্ড (লাভের অংশ) প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে দিচ্ছে।
শুধু বিদ্যুৎ কেন্দ্রই নয়, আবাসন প্রকল্প, পাইপলাইন, এমনকি বন্দরের অবকাঠামোও সম্ভাব্য বিক্রির তালিকায় রয়েছে সূত্রগুলো জানিয়েছে।
তবে, এই সম্পদ বিক্রির প্রক্রিয়া কখন শুরু হবে তা নিশ্চিত নয়। আর প্রক্রিয়াটি গোপন হওয়ায় সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন।