ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের ভাসমান লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রাম সংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল কালো প্যান্ট এবং সাদা-কালো হাফহাতা গেঞ্জি।

বালুচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আলেকচান সজীব বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে আমি থানা পুলিশকে অবহিত করি। পরে নৌ-পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. মোমিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য রাতেই মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।