সারা দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অন্যদিকে কিছু এলাকায় পড়তে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়ার এমন পূর্বাভাসের পাশাপাশি দেশের বিভিন্ন নদী ও সমুদ্রবন্দরকে সতর্কতা সংকেত বহাল রাখতে বলা হয়েছে।
শুক্রবার এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব কিংবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত এবং সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক আরও জানান, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং আসাম পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ুর অক্ষ সক্রিয় রয়েছে। এর একটি শাখা বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত। এই বায়ুপ্রবাহ বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং বঙ্গোপসাগরের উত্তরাঞ্চলে প্রবলভাবে সক্রিয় রয়েছে।
শনিবার (৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে—রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, বজ্রসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহের কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
রোববার (৬ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুরের বিভিন্ন জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেশের কোনো কোনো স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা তেমন একটা পরিবর্তন হবে না।
সোমবার (৭ জুলাই) এবং মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা থেকে শুরু হওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই চিত্র পাওয়া গেছে। প্রতিটি পূর্বাভাসেই বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকাজুড়ে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, রংপুরের কিছু এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ ঘটতে পারে দেশের কিছু অংশে। তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আসবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।