৪৪তম বিসিএসের ‘প্রহসনমূলক’ চূড়ান্ত ফলাফলের প্রতিবাদ ও পিএসসি সংস্কারসহ ৪ দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন অসন্তুষ্ট চাকরিপ্রত্যাশীরা। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন।
অবরোধের কারণে শাহবাগ এবং এর আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ধাওয়া দিলে আন্দোলকারীরা অবরোধ ছেড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।
আন্দোলনকারীদের দাবিগুলো হলো ৪৪তম বিসিএসের জন্য অধিযাচিত সব পদসহ পুনঃসুপারিশ এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ করতে হবে। সেই সঙ্গে পরবর্তী বিসিএসগুলোতে এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে; নন-ক্যাডার বিধি ২৩ বাতিল বা সংশোধন করতে হবে। পাশাপাশি ভাইভায় পাস করাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে ৯ম ও ১০ম শ্রেণি গ্রেডে চাকরি দিতে হবে; অধিকতর স্বচ্ছতার জন্য প্রিলি, রিটেন ও ভাইভার নম্বর প্রকাশ করতে হবে এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত পরীক্ষার খাতা পিএসসিতে বসে মূল্যায়ন করতে হবে। পাশাপাশি চলমানসহ পরবর্তী বিসিএসে ভাইভার মার্কস সর্বোচ্চ ১০০ করতে হবে; প্রয়োজনীয় প্রস্তুতির জন্য স্পেশাল বিসিএসসহ সব পরীক্ষার আগে একটি যৌক্তিক সময় দিতে হবে।
বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, প্রতি বিসিএসে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে ৪০০ থেকে ৫০০টি পদ বাড়ানো হয়। কিন্তু এবার জেলা প্রশাসন থেকে অতিরিক্ত পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেগুলো আটকে আছে।