দিনের অর্ধেক ডেঙ্গু রোগী বরিশাল বিভাগের

দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আরও ২০৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে অর্ধেকই বরিশাল বিভাগের। এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১০১ জন। এরপর চট্টগ্রামে ৯ জন, ঢাকা বিভাগে ২২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৮, ময়মনসিংহে ৫ ও রাজশাহীতে ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৫৪ জন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ১০ হাজার ৩৩৬ জন ছাড়পত্র পেল। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১১ হাজার ৬৬০ জন।

একই সময়ে ডেঙ্গুতে মারা গেছে ৪৫ জন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে মাসে ৩, জুনে ১৯ এবং এ মাসে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যায় ৫৭৫ জন।