কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপি নেতা আটক

কুমিল্লায় বিদেশি একটি পিস্তলসহ বিএনপির এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী। গতকাল শুক্রবার ভোরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চাঁনপুর নাজির মসজিদ রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি খালি ম্যাগাজিনও উদ্ধার করা হয়েছে।

সকালে সেনাবাহিনীর কুমিল্লা ক্যাম্প থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অবৈধ পিস্তলসহ খোকন মিয়া (৫৫) নামের একজনকে আটক করা হয়। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুপি ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযানের সময় আলম (৫০) নামের আরও একজন পালিয়ে যান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সেনাবাহিনী জানিয়েছে, আটক ব্যক্তিকে অস্ত্রসহ কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।