গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৪ ঘণ্টায় ১৩৮ জনের মৃত্যু

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে ২৪ ঘণ্টায় ১৩৮ জনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ২৬৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যম আনাদোলু জানিয়েছে, ‘গত ২৪ ঘণ্টায় ১৩৮টি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে এবং ৬২৫ জন আহত হয়েছে। এতে ইসরায়েলি হামলায় আহতের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ১৭৩ জনে দাঁড়িয়েছে।’

‘অনেক হতাহত এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় আটকা পড়ে আছেন, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না,’ বলছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নেওয়ার সময় ৬২ ফিলিস্তিনি নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হয়েছে। গত ২৭ মে থেকে ইসরায়েলি হামলায় নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা ৭১৪ এ দাঁড়িয়েছে এবং ৪ হাজার ৮৩৭ জন আহত হয়েছে।

যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। তবে দু’মাসের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে ৬ হাজার ৭১০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ২৩ হাজার ৫৮৪ জন।