রোহিঙ্গা শরণার্থীদের জন্য মিয়ানমারের রাখাইনে দ্রুত অনুকূল পরিস্থিতি তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৪ জুলাই) জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে এ আহ্বান জানানো হয়।
অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলুশন গৃহীত হবার প্রাক্কালে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম এ আহ্বান জানান।
এ সময় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মানবাধিকার পরিষদে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নিপীড়ন ও সহিংসতার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্যাতন থেকে রক্ষা পেতে শুধু ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত প্রায় এক লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে।
মো. আরিফুল ইসলাম বলেন, রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা রক্ষায় রাখাইনে দ্রুত একটি অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে। এটি শুধু বাংলাদেশে নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়ের যৌথ দায়িত্ব।
রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনী ও ‘আরাকান আর্মি’র মধ্যে চলমান সংঘাত সেখানে মানবিক সহায়তা কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং রোহিঙ্গাদের দুর্দশা বাড়িয়ে তুলছে।
উল্লেখ্য, রেজ্যুলুশনে রাখাইনে বিচারহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি বন্ধে জবাবদিহিতা নিশ্চিত করা, রোহিঙ্গাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ অংশগ্রহণ এবং একটি অন্তর্ভুক্তিমূলক শাসন কাঠামো গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ১৬ জুন শুরু হওয়া এই অধিবেশন চলবে ৯ জুলাই পর্যন্ত।