'আপনারা তো ঐকমত্য কমিশন নিয়ে প্রতিদিন মিটিং করছেন। আমরা জানি না এই মিটিংয়ের ফল কি হবে। কিন্তু অন্তত একটি ফলাফল চাই আমরা। আপনারা একটি নির্বাচনের মতো পরিস্থিতি তৈরি করেন। সেই নির্বাচনের পরিস্থিতি তৈরি করতে হলে পুলিশের মনোবল অবশ্যই ফিরিয়ে আনতে হবে। এর জন্য যা যা করা সবকিছু করতে হবে।'
শনিবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত 'বাংলাদেশ পুলিশ সংস্কার: প্রেক্ষিত নাগরিক ভাবনা' শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।
গোলটেবিল বৈঠকে বক্তারা আরো বলেন, পুলিশ যে আজ একটি প্রচণ্ড ভাবমূর্তি সংকটে পড়েছে, এর জন্য কি পুলিশ দায়ী? এর জন্য পুলিশ দায়ী নয়। এর জন্য সিস্টেম দায়ী। যে ফ্যাসিবাদী সিস্টেম গত ১৬ বছর ধরে তৈরি করা হয়েছিল বাংলাদেশে। পুলিশকে প্রতিষ্ঠান হিসেবে অপরাধী বানিয়ে লাভ নেই। এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল অন্য সব প্রতিষ্ঠানের মতো।
এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান বলেন, গত ১৬ বছরে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে দেওয়া হয়েছিল। পুলিশের ভেতর চেইন অব কমান্ড বলতে কিছু ছিল না। এভাবেই ধ্বংস করে দেওয়া হয়েছিল পুরো সিস্টেমকে। এই জন্য জুলাই মাসের ম্যাসাকারটা হওয়ারই ছিল। জুলাই বিপ্লবটা যেমন হওয়ার কথা ছিল, তার জবাবে যে পুলিশ বাহিনী করা হয়েছিল, সেই পুলিশ বাহিনী যে ম্যাসাকারটা করবে- এটাও হওয়ার ছিল।
তিনি আরো বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদের (পুলিশ) হারিয়ে যাওয়া নৈতিকতা ফিরিয়ে দেওয়া। আর কোনো সংস্কার এই সরকারের কাছে আশা করলে আপনারা (আয়োজকরা) ভুল করবেন। সময় নেই, সময় শেষ হয়ে গেছে, পার হয়ে গেছে সময়। এই সরকারের একমাত্র লক্ষ্য হওয়া উচিত পুলিশের নৈতিক শক্তিকে ফিরিয়ে আনা।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ডিআইজি ড. এম আকবর আলীর সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত ডিআইজি ড. মো. মতিয়ার রহমান। সাবেক আইজিপি আশরাফুল হুদার স্বাগত বক্তব্যে গোলটেবিল বৈঠকে আরো বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব এস এম জহুরুল ইসলাম, সেনাবাহিনীর মেজর জেনারেল (অব.) ফজলে ইলাহি আকবর, অবসরপ্রাপ্ত বিচারপতি ফরিদ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক শরীফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন খান, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, পুলিশ সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি জারিফ রহমান, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক ড. আহমেদ আব্দুল কাদের প্রমুখ।