কাউকে নির্বাচিত করা সরকারি কর্মকর্তাদের কাজ না: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ভোটাররা কাকে ভোট দিবেন এটা শুধু ভোটাররাই ঠিক করবেন। তবে অনিশ্চয়তার বিষয় হলো যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর তারা গত ১৬ বছর ভোট দিতে পারেনি।

তিনি আরও বলেন, তারা কাকে ভোট দিবে এটা কেউ জানে না। তাই জোর দিয়ে বলি, কে জিতবে এটা নির্ধারণ করা নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাজ না। যেই জিতবে তার সঙ্গেই আমাদের কাজ করতে হবে।

জামালপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি।

শনিবার (০৫ জুলাই) সাকলে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান।

প্রধান অতিথি বলেন, যিনি নির্বাচিত হবেন তার সঙ্গে কাজ করাই আমাদের কাজ। এটা একটা কঠিন দায়িত্ব, জাতির জন্য অগ্নিপরীক্ষা। এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। যদি অবহেলা হয় তবে নূরুল হুদার যে পরিণতি হয়েছে, আগের ডিসি এসপিদের যে পরিণতি হয়েছে তারই পুনরাবৃত্তি হবে।

সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হাছিনা বেগম।

এ আলোচনা সভার প্রধান অতিথি মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, যারা জেলা প্রশাসক ছিলেন, রাতের ভোটে যারা জড়িত ছিলেন, তাদের প্রত্যেককেই অপসারণ করা হয়েছে।

এবারে নির্বাচনে যারা দায়িত্বে থাকবেন তারা নূরুল হুদার কথা চিন্তা করবেন। যারা ২০১৮ সালে রাতের ইলেকশন করে মনে করেছিলেন পার পেয়েছি, অতিরিক্ত সচিব হয়েছেন কিংবা নানা রকম সুবিধা পেয়েছেন তাদের কিন্তু শেষ রক্ষা হয়নি। কারণ জনগণ ছাড়া আমরা সবাই শক্তিহীন।

তিনি বলেন, আমাদের ধারণা অমুক জিতবে। সুতারাং এখন থেকেই তার হয়ে কাজ করতে হবে এটা কিন্তু সর্ম্পূন ভুল ধারণা। এবারের নির্বাচন ভিন্ন, সর্ম্পূন ভিন্ন নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ আসতে পারবে কি পারবে না এটা নির্বাচন কমিশন নির্ধারণ করবে।

এ সভায় পুলিশ প্রশাসন, নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।