দেশের শীর্ষস্থানীয় ইস্টার্ন ব্যাংক এবং মাস্টারকার্ড যৌথভাবে বাংলাদেশে বায়োমেট্রিক মেটাল ক্রেডিট কার্ড চালু করেছে। এটি বিশ্বে প্রথম এ জাতীয় কার্ড। বাংলাদেশে পেমেন্ট প্রযুক্তি খাতে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আজ শনিবার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন ঢাকা হোটেলে কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী, কোরিয়া প্রজাতন্ত্রের রাস্ট্রদূত পার্ক ইয়াংসীক, নরওয়ের চার্জ দাঁ এফেয়ার্স ফ্রেডরিক কার্লসরাড, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং মাস্টারকার্ডের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সৈয়দ মো. কামাল।
নতুন এই কার্ডের প্রযুক্তি সহায়তা প্রদান করছে আইডেক্স বায়োমেট্রিক্স, কনা আই (কড়হধ ও) এবং ইনফিনিয়ন টেকনোলজিস।
নতুন এই কার্ডটিতে সর্বাধুনিক বায়োমেট্রিক অথেন্টিকেশন এবং মেটাল ডিজাইনের সমন্বয় করা হয়েছে যা গ্রাহকদের উন্নত নিরাপত্তা এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করবে। এই কার্ডে পিন বা স্বাক্ষরের কোনও প্রয়োজন হবে না। গ্রাহকদের তথ্য কার্ডে সংরক্ষিত থাকবে এবং ঘরে বসেই একটি হোমকীটের সাহায্যে ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন করা যাবে। মাস্টারকার্ড আইডেন্টিটি থেফট প্রোটেকশন থাকার ফলে এই কার্ড অনলাইনে গ্রাহকের ব্যাক্তিগত তথ্য চুরি এবং অপব্যবহার থেকে সম্পূর্ণ সুরক্ষিত।
নতুন কার্ডটি ওয়ার্ল্ড এলিট মাস্টারকার্ড পোর্টফোলিও ভুক্ত। ফলে গ্রাহকরা মাস্টারকার্ড প্রাইসলেস স্পেশাল প্ল্যাটফর্মে একচেটিয়া সুবিধা ভোগ করবেন। এ সকল
প্রিমিয়াম সুবিধার মধ্যে রয়েছে নির্ধারিত বিলাসবহুল হোটেলে ফ্রি এক রাত্রিযাপন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন অভিজাত রেস্টুরেন্টে ফ্রি খাবার, পিজিএ ট্যুর কর্তৃক পরিচালিত ৪৬টির অধিক প্রিমিয়াম গলফ ক্লাবে প্রবেশাধিকার, গ্লোবাল রোমিং, বিশ্বের ১৩শ’র অধিক আন্তর্জাতিক ও ডমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জে প্রবেশাধিকার ইত্যাদি।
এ ছাড়া সিঙ্গাপুরের সি-লা-ভি ম্যারিনা বে স্যান্ডসে এক্সক্লুসিভে রুফটপ ডাইনিং এবং ১০০ সিঙ্গাপুর ডলারের ভাউচার, ইউনিওয়ার্ল্ড রিভার ক্রুজে ১ হাজার মার্কিন ডলার ছাড়, হার্টজের গাড়ি ভাড়ায় বিশেষ মূল্যছাড়; জিইএইচএ ডিসকভারি, হোটেলাক্স, উইন্ডহ্যাম রিওয়ার্ডস এবং আই প্রেফার লয়্যালটি প্রোগ্রামে ফাস্ট ট্র্যাক অভিজাত মেম্বারশিপ।
গ্রাহকদের সুবিধার্থে একটি ২৪/৭ কনশীয়ার্স সুবিধা সেবা থাকবে যা ভ্রমণ, রিজার্ভেশন ইত্যাদিতে সহায়তা করবে।
ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, বাংলাদেশে এই বৈশ্বিক মাইলস্টোন অর্জনে নেতৃত্ব দিতে পেরে ইবিএল গর্বিত। বিশ্বের প্রথম বায়োমেট্রিক এই মেটাল কার্ড উদ্ভাবন এবং উৎকর্ষতার প্রতি আমাদের অঙ্গীকার বিশেষভাবে প্রতিফলিত করেছে।
বাংলাদেশে মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল তার বক্তব্যে বলেন, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে বিশ্বের প্রথম বায়োমেট্রিক মেটাল কার্ড বাংলাদেশ থেকে যাত্রা শুরু করল।
আইডেক্স বায়োমেট্রিক্সের প্রধান নির্বাহী আন্ডার্স স্টোরব্রেটেন বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বায়োমেট্রিক প্রযুক্তি নতুন এই কার্ডে ব্যবহৃত হচ্ছে। এটি গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করবে।
ইনিফিনিয়ন টেকনোলজিসের প্রতিনিধি তোলগাহান ইয়েলদিজ বলেন, স্মার্ট কার্ড মার্কেটে এবং উদ্ভাবনী প্রচেষ্টায় বিনিয়োগে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বায়োমেট্রিক মেটাল কার্ড সল্যুশন প্রবর্তনে সহায়তা প্রদান করতে পেরে আমরা আনন্দিত।