মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। মানুষ কষ্টে ছিল রাজনৈতিক দলগুলো আন্দোলন করে কিছু করতে পারেনি। কিন্তু অল্পবয়সী ছেলেমেয়েরা পেরেছে, তারা শুধু বলেছে আমরা বৈষম্য চাই না। সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই জুলাই মাসটা সে জন্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগস্টের ৫ তারিখ পর্যন্ত  প্রতিদিন স্মরণ করব সেই সব শহীদদের  যারা প্রাণ দিয়েছে।

গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাউতারা স্লুইচগেট-সংলগ্ন মাঠে শাহজাদপুর প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত এলডিডিপি পিজি খামারি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ সব কথা বলেন। তিনি বলেন, ‘গত বছর এই জুলাই মাসে অল্পবয়সী ছেলেমেয়েরা রাস্তায় নেমেছিল অন্যায়ের বিরুদ্ধে। শুধু মিল্কভিটা নয় সারা বাংলাদেশে দুরবস্থা ছিল, মানুষ কষ্টে ছিল, সেই অন্যায়টা এই অল্পবয়সী ছেলেমেয়েরা সহ্য করেনি। বড় বড় রাজনৈতিক দলগুলো আন্দোলন করেও কিছু করতে পারেনি। অল্প বয়সী ছেলেমেয়েরা, যারা কোনো দল করে না, তারা শুধু বলেছে আমরা বৈষম্য চাই না। সেই বৈষম্যের বিরুদ্ধে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। এই জুলাই মাসটা সে জন্যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগস্টের ৫ তারিখ পর্যন্ত  প্রতিদিন স্মরণ করব সেই শহীদদের যারা প্রাণ দিয়েছে। যাদের হাত কেটে গেছে, পা কেটে ফেলতে হয়েছে, যাদের চোখ নেই, যাদের শরীরে এত গুলি লেগেছে যে এখনো ঠিকমতো চলতে পারে না। তাদের প্রতি যেন আমরা শ্রদ্ধা জানাতে ভুলে না যাই।

প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘গ্রাম থেকে দুধ সংগ্রহ করার জন্য আমরা অনেক কেন্দ্র করব। যাতে  কৃষকরা দুধের ন্যায্যমূল্য পায়। দূধের দাম বাড়ানো যায় কি না সে চেষ্টা করব। গোখাদ্যের দাম কিভাবে কমানো যায় সেটা আমরা চেষ্টা করব।

এলডিডিপি খামারি সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।  বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক সম্প্রসারণ কর্মকর্তা ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ,  এ বি এম আব্দুর রাজ্জাক, এলডিডিপি প্রকল্প পরিচালক ডা. জসিম উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া জিহাদ , ফারজানা মিমি, পিজি সদস্য আব্দুর রাজ্জাক ফকির, আব্দুল মতিন,  রাবেয়া খাতুন প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় প্রাণীসম্পদ দপ্তরের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বিল্লাল হোসেন প্রমুখ।