খেলতে যাওয়ায় সাত শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটুনি

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকায় শিক্ষকের আসতে দেরি দেখে মাঠে খেলতে যাওয়ায় সাত শিশু শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গতকাল শনিবার বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে পাঁচজনকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা রাজৈর পৌর এলাকার পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা। তিনি এক সপ্তাহ আগে মাদ্রাসাটিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

আহত শিক্ষার্থীরা হলো মোস্তাকিম ফকির, মাহিম, গোলাম আব্দুল্লাহ, সাইফুল, সুলাইমান, আব্দুল্লাহ ব্যাপারী ও জুয়েল। তাদের বয়স পাঁচ থেকে সাত বছর। আহত শিক্ষার্থী ও তাদের স্বজনদের বরাতে জানা গেছে, শ্রেণিকক্ষে শিক্ষকের আসতে দেরি হওয়ায় কয়েকজন শিক্ষার্থী মাদ্রাসার সামনের মাঠে কাগজের টুকরো নিয়ে খেলা শুরু করে।

কিছুক্ষণ পর শিক্ষক শাকিল মোল্লা এসে তাদের শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন। এতে সাত শিশু আহত হয়। শিশুদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে শিক্ষক ঘটনাস্থল ত্যাগ করেন। আহতদের উদ্ধার করে পাঁচজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আহত শিক্ষার্থীরা বলে, ‘শিক্ষক আসতে দেরি করায় আমরা মাঠে কাগজের টুকরো নিয়ে খেলছিলাম। শিক্ষক এসে আমাদের শ্রেণিকক্ষে ডেকে বেত্রাঘাত করেন।’ অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা মোবাইল ফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিশুদের খেলা দেখে রাগ সামলাতে পারিনি। এ কারণে এমন ঘটনা ঘটেছে। আমি দুঃখ প্রকাশ করছি।’