নানাবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

টাঙ্গাইলের মির্জাপুরে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেহেদী খান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেদী ওই গ্রামের লিটন খানের ছেলে।

পুলিশ জানায়, গত ২৭ জুন সন্ধ্যায় উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের একটি গ্রামে। সে তার এক বান্ধবীকে নিয়ে নানাবাড়ি বেড়াতে এসেছিল। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে শনিবার মামলা করেছেন।

ধর্ষণের শিকার কিশোরী জানায়, নানাবাড়ি থেকে বিকেলে বান্ধবীকে নিয়ে বাড়ি ফেরার পথে মেহেদী তার গতিরোধ করেন। একপর্যায়ে খুন-জখমের ভয় দেখালে তার বান্ধবী দৌড়ে পালিয়ে যায়। এরপর মেহেদী তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। কিশোরী আরও জানায়, নানাবাড়ির সূত্রে মেহেদীর সঙ্গে তার পূর্বপরিচয় ছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তারা যুক্ত ছিল। কিন্তু মেহেদী সামাজিক মাধ্যমে বিভিন্ন অশোভন প্রস্তাব দেওয়ায় তাকে ব্লক করে দিয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার এক বাসিন্দা জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় মেয়েটির হাত ধরে টানাটানি করা হয় বলে তার পরিবার অভিযোগ করে। বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল।