হাতিরঝিলের বাসায় এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ

রাজধানীর হাতিরঝিল থানার নয়াটোলা এলাকায় রাগীব নুর নোহান নামে এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান।

জানা গেছে, রাগীব (২০) রাজধানীর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার কাউনখালী গ্রামের মেহেবুবুর রহমানের ছেলে। তারা সপরিবারে রাজধানীর নয়াটোলা এলাকায় ভাড়া থাকতেন।

রাগীবের মামা সেলিম জানান, পরীক্ষার জন্য শুক্রবার রাতেও পড়াশোনা করে রাগীব। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, নয়াটোলা এলাকার এক বাসায় এক পরীক্ষার্থীর আত্মহত্যার খবর আমরা পেয়েছি। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। কী কারণে সে আত্মহত্যা করেছে, তার পরিবারের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে। বিষয়টি তদন্তাধীন।