বান্দরবানে ধর্ম উপদেষ্টা

নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা ইতিমধ্যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, এবং তার ঘোষিত সময়সূচি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা নির্বাচন আয়োজনের জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের ঘোষণা অনুসারে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হবে।’

গতকাল শনিবার সকালে বান্দরবান জেলা মুসলিম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে মেঘলা পর্যটন কেন্দ্রের পাশে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, ‘মডেল মসজিদ নৈতিকতার বিকাশ এবং মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষ যখন মসজিদমুখী হয়, তখন সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পায়। কোরআন শরিফেও উল্লেখ আছে, নামাজ মানুষকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে রাখে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পৌরসভার প্রশাসক এস এম মঞ্জুরুল হক, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সেলিম উদ্দিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।