সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐকমত্যের অভাব রয়েছে। অনেক রাজনৈতিক দল আদর্শের কাছাকাছিও নেই। তবুও যদি তারা কাঁধে কাঁধ মিলিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলে শেখ হাসিনার বিদায়ের পর উন্মোচিত সম্ভাবনার দ্বার বাস্তবে রূপ নিতে পারে।
গতকাল শনিবার সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ার একটি কনভেনশন সেন্টারে সুজন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো কয়েকটি মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছে জাতীয় সনদ প্রণয়ন করে স্বাক্ষর করলে, তার ভিত্তিতে অদূর ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার স্বৈরাচারের পুনঃপ্রবর্তন রোধ করতে পারবে। এক সাগর রক্তের বিনিময়ে এখন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুজন কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, জমির উদ্দিন সরকার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, সুজন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ধীমান সাহা জুয়েলসহ আরও অনেকে।