যোগ করা সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ

অবিশ্বাস্য এক লড়াই দেখল ক্লাব বিশ্বকাপ। যোগ করা সময়ে রিয়ালের জয় যখন প্রায় নিশ্চিত হয়ে গেছে, তখনই বরুশিয়া ডর্টমুন্ড গোল শোধ করে দিল! পরমুহূর্তেই কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত গোলে ফের এগিয়ে গেল রিয়াল। পরের মিনিটে লাল কার্ড দেখলেন ডিন হাউসেন এবং পেনাল্টি থেকে আরেক গোল করল ডর্টমুন্ড। একেবারে অন্তিম মুহূর্তে দারুণ এক সেভ করে রিয়ালকে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমি-ফাইনালে তুললেন থিবো কোর্তোয়া।

শনিবার রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দশম মিনিটে আর্দা গিলের বাড়ানো বল থেকে রিয়ালকে এগিয়ে দেন স্প্যানিশ ফরোয়ার্ড গার্সিয়া। ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন আরেক স্প্যানিশ ডিফেন্ডার ফ্রান গার্সিয়া। বিপরীতে ডর্টমুন্ড তেমন আক্রমণ করতে পারছিল না।

বিরতির পর ম্যাচের মূল সময়ে কোনো গোল হয়নি। যোগ করা সময়ে শুরু হয় নাটকীয়তার। আন্টোনিও রুডিগারের ভুলে বল পেয়ে ব্যবধান কমান ম্যাক্সিমিলিয়ান। এক মিনিট পরই পাল্টা আক্রমণে আর্দা গিলেরের দারুণ ক্রস থেকে বল পেয়ে দর্শনীয় অ্যাক্রোবেটিক ওভারহেড কিকে স্কোরলাইন ৩-১ করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

দুই মিনিট পর ডি-বক্সে সেগু গিগাসিকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন ডিন হাউসেন। পেনাল্টি থেকে আবারও ব্যবধান কমান গিনির ফরোয়ার্ড গিগাসি। ম্যাচ অতিরিক্ত সময়ে নেওয়ার প্রচেষ্টায় শেষ মুহূর্তে রিয়ালের পোস্টে জোরাল শট নেন মার্সেল সাবিৎজার। দুইবারের চেষ্টায় বল আটকে রিয়াল শিবিরে স্বস্তি ফেরান থিবো কোর্তোয়া।