তিন ম্যাচে ১৬ গোল, দলকে নিয়ে গর্বের শেষ নেই আফিদার

তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শেষ করল বাংলাদেশ। তিন ম্যাচে শতভাগ জয়ের পথে মেয়েরা ১৬ গোল দিয়ে হজম করেছে মাত্র ১টি। গতকালের আগে বাহরাইনের জালে ৭টি এবং শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জিতেছে ২-১ গোলে। দলের এমন পারফরম্যান্সে গর্বিত অধিনায়ক আফিদা খন্দকার।

গতকাল ম্যাচ শেষে ১৮ বছর বয়সী অধিনায়ক আফিদা বলেন, 'বলে বোঝানোর মতো না, এত আনন্দ। যে লক্ষ্য নিয়ে এসেছিলাম, সেটা পূরণ করতে পেরেছি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়। যেটা আমরা সবসময় বলতাম, আমরা যেন সাফের গন্ডি পেরিয়ে এশিয়াতে যেতে পারি…আল্লাহ আমার কথা রেখেছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি সবসময়।'

এত অল্প বয়সে নেতৃত্বভার নেওয়া আফিদার নজর এখন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। আগামী শুক্রবার থেকে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হবে এই আসর। আফিদা বলেন, 'পরের লক্ষ্য হচ্ছে, দেশে ফেরার পর সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ রয়েছে। এখন ওটা নিয়েই চিন্তা করছি।'