মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ১৯ দোকান। শনিবার (৫ জুলাই) রাত ২টার দিকে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস সংলগ্ন বাজার এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীনগর ও পাশের সিরাজদীখান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় পর রবিবার (৬ জুলাই) ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল দলিল লেখার দোকান, মুদি দোকান, টি-স্টল, হোটেল, ভ্যারাইটিজ স্টোর ও ফটোকপির দোকান। আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের দীর্ঘদিনের বিনিয়োগ ও জীবিকা ধ্বংস হয়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।