প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে যাচ্ছে বাফুফে। সংবর্ধনা অনুষ্ঠান হবে রবিবার দিবাগত রাত আড়াইটায়! সব ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পাওয়ার জন্যই এই উদ্যোগ।
গতকাল শনিবার তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শেষ করেছে বাংলাদেশ। অবশ্য আগের ম্যাচে মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েই ইতিহাস গড়েছিলেন আফিদা-ঋতুপর্ণারা। আজ সন্ধ্যা ৭টায় মেয়েরা মিয়ানমার থেকে রওনা দেবে। রাত ৯টায় ব্যাংকক পৌঁছে ট্রানজিট শেষে সেখান থেকে রাত ১২টায় ঢাকার উদ্দেশে বিমানে উঠবে। দিবাগত রাত দেড়টার দিকে তাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার কথা।
এরপর সোমবার সকালে ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগ খেলতে থিম্পুর উদ্দেশে রওনা হবেন। মূলত: এই দুই গোলমেশিনকে পেতেই গভীর রাতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাফুফে। রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।