দত্তক সন্তানের মা হতে চান জয়া আহসান

প্রখ্যাত অভিনেত্রী জয়া আহসান ১৯৯৮ সালে মডেল ফয়সাল আহসানকে বিয়ে করলেও ২০১১ সালে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তিনি আর নতুন কোনো সম্পর্কে জড়াননি। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে সিঙ্গেল থাকলেও মা হওয়ার আকাঙ্ক্ষা তার রয়ে গেছে।

সম্প্রতি ভারতীয় এক গনমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জয়া জানিয়েছেন, তিনি সন্তান দত্তক নিতে চান। তিনি বলেন, আমি দত্তক নেওয়ার পক্ষে। এক সময় যুদ্ধবিধ্বস্ত অঞ্চল থেকে একটি শিশু দত্তক নেয়ার চেষ্টাও করেছিলাম, কিন্তু জটিল প্রক্রিয়ার কারণে তা আর সম্ভব হয়নি।

জয়া ও তার বোন কান্তা মাসউদ একসঙ্গে সন্তান দত্তক নেয়ার পরিকল্পনা করেছিলেন। তবে বিভিন্ন বাধার কারণে তা এখনও সম্ভব হয়নি। তিনি দম্পতিদেরও সন্তান দত্তক নেয়ার পরামর্শ দেন, ‌যাদের একটি সন্তান আছে, তারা দ্বিতীয় বা তৃতীয় সন্তান হিসেবে দত্তক নিতে পারেন। এতে অনাথ শিশুদের একটি পরিবার মিলবে।

জয়া সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র 'ডিয়ার মা'-তে দত্তক সন্তানের মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। ছবির ট্রেলারে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। তিনি বলেন, আমি নিজেও সংবেদনশীল মানুষ, তাই এই চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে সুবিধা হয়েছে।