ভারতীয় সিনেমায় আসছে মহাকাব্যিক এক অধ্যায়। পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’, যার প্রথম পর্ব ২০২৬ সালে, দ্বিতীয়টি ২০২৭-এ মুক্তি পাবে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির এক ঝলক, যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। এটি হতে যাচ্ছে ১৬০০ কোটি বাজেটের সিনেমা, যা বলিউডে ইতিহাস গড়তে যাচ্ছে। সিনেমাটি মুক্তি পাবে দুই পর্বে। অন্তর্জালে আসা তিন মিনিটের একটি ভিডিওতে রণবীর কাপুর ও ইয়াশের লুক দর্শকদের মুগ্ধ করেছে। বাকি চরিত্ররা এখনও আড়ালেই।
‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল প্রযোজনা। বলিউড হাঙ্গামা জানিয়েছে, দুই পর্বের মধ্যে প্রথম পর্বে খরচ হয়েছে ৯০০ কোটি, দ্বিতীয় পর্বে ৭০০ কোটি।
নীতেশ তিওয়ারীর পরিচালনায় এই সিনেমায় রামের চরিত্রে আছেন রণবীর কাপুর। রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা ইয়াশ। সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণ হয়েছেন রবি দুবে আর হনুমান হয়েছেন সানি দেওল। সংগীতে আছেন দুই কিংবদন্তি অস্কারজয়ী হান্স জিমার ও এআর রহমান।