গণঅভ্যুত্থানের পরে আমরা নতুন বাংলাদেশ, রাষ্ট্রের মৌলিক সংস্কার, গণহত্যাকারীদের বিচার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চেয়েছি। মৌলিক সংস্কারকে কেউ যদি বাধাগ্রস্ত করে এবং জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকে কেউ যদি আটকে রাখতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
রবিবার (৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা এসব কথা বলেন।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ, রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি, গণহত্যাকারীদের বিচার, জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র চেয়েছি। আমরা স্বপ্ন দেখি দেশের সকল জেলা থেকে বৈষম্য দূর হবে। আর তাই ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে আগে দরকার বিচার ও সংস্কার।’
চাঁপাইনবাবগঞ্জ আমাদের সীমান্তের প্রতিরোধে প্রতীক, চাঁপাইনবাবগঞ্জ মানে সীমান্তে কাস্তে হাতে কৃষকের অবস্থান উল্লেখ করে তিনি বলেন, ‘সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, বোমা বিস্ফোরণ ঘটায়। আমার আর এইসব আগ্রাসন মেনে নেব না। আর যদি সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে হত্যা করা হয়। তাহলে আমরা সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করবো। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করবো।’
দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘বাংলাদেশকে নতুন কাঠামোতে, নতুন কায়দায় পরিচালনার জন্য নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। বাংলাদেশের মৌলিক সংস্কারকে কেউ যদি বাধাগ্রস্ত করে। জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রকে কেউ যদি আটকে রাখতে চায়। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।’
চাঁপাইনবাবগঞ্জ এনসিপি’র প্রধান সমন্বয়কারী আলাউল হকের সভাপতিত্বে এবং এনসিপি’র মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, এনসিপি’র যুগ্ম আহবায়ক তাসনুভা জারিন, এনসিপি’র কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন এনসিপি’র মুখ্য সংঠনক ( দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ২টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায় এসে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। পরে নেতৃবৃন্দ শান্তির মোড় থেকে জুলাই পদযাত্রা নিয়ে শহরের বাতেন খার মোড়, বড় ইন্দারা মোড় হয়ে গাবতলা মোড় ঘুরে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে পথসভায় মিলিত হন। পরে, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এনসিপি’র চাঁপাইনবাবগঞ্জ অফিস উদ্বোধন করেন।