চাঁদাবাজির মামলায় টঙ্গীতে বিএনপির বহিষ্কৃত নেতা স্বপন গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা জিয়াউল হাসান স্বপন ওরফে জিএস স্বপনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ। রবিবার (৬ জুলাই) দুপুরে তাকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি রেস্টুরেন্টের ভেতর থেকে গ্রেপ্তার করা হয়।

স্বপন টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিয়াউল হাসান স্বপন উরফে জিএস স্বপনের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে চাঁদাবাজি, ভূমি দখল, গার্মেন্টসের ঝুট দখল ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা এবং অন্যান্য মামলায় আসামি করার ভয় দেখিয়ে বিভিন্ন পর্যায়ের পেশাজীবী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে বিপুল অঙ্কের চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে।

এছাড়াও মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে বিভিন্ন বিএনপির নেতাকর্মীদের কাছ থেকেও চাঁদাবাজি হয়েছে। যার কারণে বিএনপির ত্যাগী নেতারা তার প্রতি অসন্তুষ্ট ছিল। একপর্যায়ে বিএনপির হাইকমান্ড তাকে দল থেকে বহিষ্কার করেছে। জিয়াউল হাসান স্বপনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় চারটি চাঁদাবাজি মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ওসি মুহাস্মদ ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী দত্তপাড়া এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে জিয়াউল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে চারটি চাঁদাবাজি মামলা রয়েছে।