যুক্তরাষ্ট্রের টেক্সাস মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আরও ২৭ কন্যাশিশু নিখোঁজ। তারা একটি ক্যাম্পে ছিল বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
বন্যায় বিধ্বস্ত এলাকায় শনিবার জীবিতদের সন্ধানে ব্যাপক অভিযান চালিয়েছে উদ্ধারকারীরা। আক্রান্ত এলাকায় গাছপালা উপড়ে গেছে, গাড়ি উল্টে গেছে, কাদা ও ধ্বংসাবশেষে ভরে গেছে চারদিক।
প্রতিবেদনে বলা হয়েছে শুধু কার কাউন্টিতেই মারা গেছে অন্তত ৪৩ জন যার মধ্যে ১৫ জনই শিশু। আশপাশের কাউন্টিগুলোতে আরও অন্তত ৮ জন নিহত হয়েছেন।
প্রশাসন এখনো নিশ্চিতভাবে জানায়নি মোট কতজন নিখোঁজ। তবে বেশিরভাগ মৃতদেহ উদ্ধার করা হয়েছে ক্যাম্প মিস্টিক থেকে। এটি মূলত খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্প যা কার কাউন্টির নদীর তীরে অবস্থিত।
উদ্ধারকাজে হেলিকপ্টার, নৌকা এবং ড্রোন ব্যবহার করা হচ্ছে। গাছের ওপর আটকে পড়া মানুষ কিংবা রাস্তার ভেঙে যাওয়ার কারণে ক্যাম্পে আটকে পড়া মানুষজনকে উদ্ধার করা হচ্ছে।
টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, উদ্ধারকারীরা দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। যেসব এলাকায় বন্যার পানি কমছে সেসব এলাকায় সঙ্গে সঙ্গে তল্লাশি চালানো হচ্ছে।