ডিসি-এসপিরা চিপায় পড়ে ভালো ব্যবহার করছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, ডিসি-এসপিদের বলছি— আপনারা যে ভালো ব্যবহার করছেন, আমরা জানি আপনারা চিপায় পড়ে আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। যদি হাসিনার পতন না হতো এই ডিসি-এসপিরা গণভবনে প্রমোশনের জন্য লাইন ধরতো।
রবিবার (৬ জুলাই) রাজশাহীতে এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই তরুণ সমাজ আর দালালি করতে চায় না। তাঁবেদার বানাতে চায় না। এই তরুণ সমাজ আর স্বৈরাচার হতে চায় না। যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান তারা জেনে রাখুন, আপনারা তরুণ সমাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জেনজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
দাঁড়িপাকা মুরব্বিরা, বাবারা ফেইল করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের হারানোর কিছুই নাই। আমাদের লুটপাটের ব্যাংক নাই, যা আমরা হারাব। আমাদের শুধু আছে মানুষের ভালোবাসা। সেটার জন্য রাস্তায় এসে আবার আমরা জীবন দেব।
এনসিপির এ নেতা বলেন, বাংলার আকাশে দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে। আপনাদের সতর্ক থাকতে হবে। আর কাউকে বাসা থেকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না। আর কোনো মায়ের বুক খালি হবে না।
প্রশাসনের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যদি ভেবে থাকেন ক্ষমতাপন্থী হবেন, আপনারা ভুল করছেন। ভুলে যাবেন ১৬ বছরের ডিসি-এসপিদের কি পরিণতি হয়েছে। ভুলে যাবেন না— এই দিন দিন না, আরও দিন আছে। আমরা বলব না, এনসিপিপন্থী হন। যদি কেউ আবারও মিডনাইট ইলেকশনের সহযোগিতা করে, এই বাংলাদেশে তার আর জায়গা হবে না।