এশিয়ান কাপের বাছাইপর্ব শেষে রোববার মধ্যরাতে ঢাকায় পা রেখেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সোজা সংবর্ধনায়, আর সেখান থেকে মাত্র ক’ঘণ্টার বিরতিতেই আবার উড়াল—তাও দেশের বাইরে!
সেই ভোরের যাত্রার নায়িকা ঋতুপর্ণা চাকমা। সাথে গেছেন মনিকা চাকমাও।
দেশের জার্সিতে দুর্দান্ত এক সাফল্যের পর এবার ক্লাব ফুটবলের দায়িত্ব। ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন জাতীয় দলের এই তারকা ফরোয়ার্ড। ১১ জুলাই তাঁর দল মাঠে নামবে ট্রান্সপোর্ট লেডিস এফসির বিপক্ষে। সেই ম্যাচের প্রস্তুতির জন্যই সকাল ৯টা ১০ মিনিটের ফ্লাইটে রওনা হয়েছেন ঋতু।
ভুটানে যাওয়ার ব্যস্ততা মাথায় রেখেই বাফুফে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান হয়েছিল মধ্যরাতে।
ঋতু নিজেই সকালে ফেসবুকে একটি ছবি ও পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন তার যাত্রার খবর।
এশিয়ান কাপে মূল পর্বে জায়গা করে ইতিহাস গড়া এই ফরোয়ার্ডের চোখ এখন দেশের পাশাপাশি ভুটানের মাঠেও আলো ছড়ানোর দিকে।